বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শনিবার (২২ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় টিএসসি মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এই বছর ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে রোভার সাগর আল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে রোভার আইরিন রহমান প্রমি নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, অবসরপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সদস্য মো. রাকিব উদ্দিন, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলমসহ নতুন দীক্ষাপ্রাপ্ত রোভাররা।
অনুষ্ঠানে প্রশিক্ষণ ও সেবা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য পাঁচ জন স্কাউটকে ‘স্কাউট অব দ্য ইয়ার’ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন: তৃষা মিত্র, শাফিউল ইসলাম, সজীব হোসেন শান্ত, হারুন অর রশীদ এবং মোহাম্মদ। এছাড়া জুলাই আন্দোলন ও পরবর্তী সময়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে মন্দির পাহারা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ছয় জনকে সার্টিফিকেট প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক- সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. সানজিদা সাফওয়াত এবং ডেয়ারি বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবু নাসের- কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা পান।
রোভার স্কাউট গ্রুপের ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটি ছেলেদের তিনটি রোভার ইউনিট ও মেয়েদের দুইটি গার্ল ইন রোভার ইউনিট নিয়ে গঠিত হয়েছে।
রোভার ইউনিট:
ক-ইউনিট: সভাপতি সাগর আল হাসান, সাধারণ সম্পাদক সজীব হোসেন শান্ত; খ-ইউনিট: সভাপতি মোহাম্মদ, সাধারণ সম্পাদক ফুয়াদ বিন আমিন; গ-ইউনিট: সভাপতি ফুয়াদ হাসান, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ
গার্ল ইন রোভার ইউনিট:
ক-ইউনিট: সভাপতি আইরিন রহমান প্রমি, সাধারণ সম্পাদক উম্মে খাদিজা জাহান চৌধুরী লিয়া; খ-ইউনিট: সভাপতি সামিয়া রহমান পুষ্পিতা, সাধারণ সম্পাদক সানজিদা শিমু।
বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ রাকিব উদ্দিন তিনি তাঁর বক্তব্যে বলেন, ব্যক্তিগত প্রস্তুতি, দেশপ্রেম এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টসহ শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়ন স্কাউট কারিকুলামের অংশ। তিনি বলেন, “যেখানেই বাধা আসবে, সেখানেই বিকল্প পন্থা অবলম্বন করে এগিয়ে যেতে হবে।” গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলম রোভার স্কাউট গ্রুপের জন্য একটি স্থায়ী অফিস কক্ষ বরাদ্দের আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে অনুমোদনের আশ্বাস দেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, স্কাউট সদস্য হতে হলে নির্দিষ্ট সিলেবাস অনুসরণ করে নানা প্রশিক্ষণ গ্রহণ করতে হয়, যা সময়সাপেক্ষ হলেও অত্যন্ত মূল্যবান। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা মূল্যবোধ, দেশপ্রেম, আত্মনিয়োগ এবং সেবামূলক কর্মকাণ্ডে দক্ষতা অর্জন করে। তিনি রোভার স্কাউটদের এই আয়োজনকে সফল উল্লেখ করে ভবিষ্যতে আরও সুসংগঠিত ও কার্যকর কার্যক্রমের প্রত্যাশা ব্যক্ত করেন।