অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে স্বাগতিক লাওসের বিপক্ষে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ। সাগরিকার জোড়া গোলের সুবাদে তারা ৩-১ ব্যবধানে লাওসকে হারায়।
বুধবার ভিয়েনতিয়েনের নিও লাওস স্টেডিয়ামে সাগরিকার গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে যায় পিটার বাটলারের দল। স্বাগতিকদের বিপক্ষে শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলেছে বাংলাদেশ।
একের পর এক আক্রমণ করে তটস্থ রাখে বাংলাদেশ। হাই লাইন ডিফেন্স করে খেলেছে। তবে প্রথম গোল পেতে সময় লেগেছে।
৩৬ মিনিটে কর্নার থেকে সাগরিকা হেডে গোল করে দলকে এগিয়ে নেন। পাঁচ মিনিট পর শিখা সিনহার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে ব্যবধান বাড়েনি।
এছাড়া এর আগে একাধিক প্রচেষ্টা গোলকিপার নস্যাৎ করে দেন। প্রতি আক্রমণে উঠে লাওস মাঝে মধ্যে আতঙ্ক ছড়ালেও গোল শোধ দিতে পারেনি।
লাওসের ওপর চাপ অব্যাহত রেখে ৫৮ মিনিটে ব্যবধান বাড়ানো গোলও পেয়ে যায় বাটলারের দল। তৃষ্ণার বাড়ানো থ্রু পাস ধরে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান মুনকি আক্তার।
তবে ৮৭ মিনিটে লাওস এক গোল শোধ দেয়। তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে আন্না কিও গোলকিপারের পাশ দিয়ে দারুণ ফিনিশ করেন। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি স্বাগতিকরা।
বরং যোগ করা সময়ে তৃষ্ণার পাসে বক্সের ভেতরে সাগরিকা প্লেসিং করে বাংলাদেশের জয় সুনিশ্চিত করেন।
বাংলাদেশের গ্রুপে লাওস ছাড়াও আছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। লাওসের সিনিয়র দলের ফিফা র্যাঙ্কিং ১০৭, দক্ষিণ কোরিয়ার ১৯ আর বাংলাদেশের ১২৮। লাওস বাংলাদেশের চেয়ে ২১ ধাপ এগিয়ে।
শুক্রবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তের বিপক্ষে খেলবে বাংলাদেশ।